
পর্যটন সংবাদ ডেস্ক: কয়েকদিন আটকে থাকার পর আজ (বৃহস্পতিবার) সকালে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। বিশেষ ফ্লাইটে তারা সাড়ে ১১টার পর ঢাকায় পৌঁছাবে। দলকে ফেরানোর পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাফুফে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত উদ্যোগ। একই ফ্লাইটে দেশে ফিরছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
নেপালের সম্প্রতি চলা ছাত্র-জনতার আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে বিমান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে সন্ধ্যায় ফ্লাইট চালু হলে বাফুফে দ্রুত ব্যবস্থা নিয়ে দলকে দেশে ফিরিয়েছে।
বাংলাদেশ দল কাঠমান্ডু গিয়েছিল দুই ম্যাচ খেলার উদ্দেশ্যে। তবে আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বর খেলা বাতিল হয়। বিমানবন্দর বন্ধ থাকায় প্রথমে দেশে ফেরা সম্ভব হয়নি, ফলে জামাল-রাকিবরা এবং দলের অন্য সদস্যরা হোটেলে বন্দী অবস্থায় ছিলেন। সেই সময়ে তারা হোটেলের জিমে অনুশীলন চালিয়ে সময় কাটিয়েছেন।
দল ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও বাফুফে সার্বক্ষণিক নজর রাখছিল। শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই দল ও সাংবাদিকরা দেশে ফিরলেন।



