
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অমর একুশে হল ও রোকেয়া হলে সরেজমিনে কারচুপির প্রমাণ মিলেছে। “রোকেয়া হলের এক ছাত্রী অভিযোগ করেছেন, তাদের দেওয়া ব্যালটে আগেই নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ক্রস চিহ্ন দেওয়া ছিল। অমর একুশে হলেও একই ঘটনা ঘটেছে,” দাবি করেন আবিদ।
তিনি অভিযোগ করেন, সকালে তার প্যানেলের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। নম্বর শিট নিতে গিয়েও নানা বাধার মুখে পড়তে হয়েছে। এমনকি ভোটকেন্দ্রের বাইরে থেকেও তাদের হয়রানি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আবিদ আরও বলেন, “সকাল থেকে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা চালানো হয়েছে। মেইনস্ট্রিম কিছু মিডিয়াও এতে বিভ্রান্ত হয়েছে। পরে অবশ্য সংশোধন আনা হয়েছে। রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীকে হুমকি দিয়েছেন তার ছাত্রত্ব বাতিল করার। অথচ শিবিরের কর্মীদের ব্যালট নম্বর বিতরণে কোনো বাধা দেওয়া হয়নি।”
তিনি জানান, এসব অনিয়মের প্রমাণসহ লিখিত অভিযোগ ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। তবে কত সংখ্যক ব্যালটে এ ধরনের কারচুপি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।



