পর্যটন সংবাদ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে হঠাৎ উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন সংক্রান্ত এক সভায় ঢুকে পড়েন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
সভাকক্ষে প্রবেশ করেই তারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের মুখোমুখি হন এবং প্রশাসনকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিয়ে স্লোগান দিতে শুরু করেন। এতে মুহূর্তেই সভাকক্ষে হট্টগোলের সৃষ্টি হয়।
ছাত্রদল অভিযোগ করেছে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে বহিরাগতদের জড়ো করেছে। যদিও উপাচার্য জানান, ইতোমধ্যেই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে ছাত্রদল এ ব্যাখ্যা মানতে রাজি হয়নি।
একপর্যায়ে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস টেবিল চাপড়ে উপাচার্যকে সরাসরি ‘জামায়াতি প্রশাসন’ বলে অভিযুক্ত করেন। জবাবে উপাচার্য দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং কখনো রাজনীতিও করেননি।
এরপর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘোষণা দেন, “আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে জামায়াতি প্রশাসন হিসেবে আখ্যা দিলাম। যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে ছাত্রদল আর কোনো সহযোগিতা করবে না।”
ডাকসু নির্বাচন ঘিরে হঠাৎ উত্তেজনার ঘটনাটি ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



