
পর্যটন সংবাদ ডেস্ক: নেপালে জেন-জি প্রজন্মের নেতৃত্বে চলমান আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও বিক্ষোভ থামেনি, বরং সহিংসতা আরও বাড়ছে।
মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে আন্দোলনকারীরা অলির বাসভবনে অগ্নিসংযোগ করে। একইদিন অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে রাস্তায় ধাওয়া করে বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী অর্থমন্ত্রী দৌড়ে পালাচ্ছেন এবং পিছনে শতাধিক বিক্ষোভকারী তাকে ধাওয়া করছেন। এক পর্যায়ে এক তরুণ লাফিয়ে তাকে লাথি মারলে তিনি পড়ে যান। তবে দ্রুত উঠে আবার দৌড়াতে শুরু করেন।
বিক্ষোভকারীদের মূল দাবি ছিল সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা। সোমবার প্রথম দফার সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হন। পরে সরকার বাধ্য হয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
কাঠমান্ডু পুলিশের মুখপাত্র শেখর খানাল জানিয়েছেন, কারফিউ উপেক্ষা করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। অগ্নিসংযোগ ও হামলার ঘটনাও ঘটছে বলে জানান তিনি।
এদিকে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এখন পুরো সরকারের পতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সূত্র: এনডিটিভি



