
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: নেপালে চলমান বিক্ষোভের জেরে দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ঢাকা থেকে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে ঘুরে অবতরণে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ঢাকায় ফিরে এসেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিজি-৩৭১ ফ্লাইটে ১১৪ জন যাত্রী ছিলেন। নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইটটি দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় এক ঘণ্টার মাথায় কাঠমান্ডুতে পৌঁছালেও বিমানবন্দর কর্তৃপক্ষ অবতরণের অনুমতি দেয়নি। প্রায় ৫৫ মিনিট আকাশে চক্কর দেওয়ার পর পাইলট সিদ্ধান্ত নেন ঢাকায় ফেরার। বিকেল ৩টা ৪৫ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুদ জানিয়েছেন, নেপালের অস্থির পরিস্থিতির কারণে হিমালয়া এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটও বাতিল করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোর থেকে কাঠমান্ডুসহ দেশজুড়ে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। বিক্ষুব্ধ জনতা দেশটির শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতার বাসভবনে হামলা চালায়। ক্ষতির শিকার হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও ভাঙচুরের শিকার হয়েছে।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপালে যাতায়াতের পরিকল্পনা করা ভ্রমণকারীদের সতর্ক থাকা উচিত।



