
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মো. সোয়াইব হোসেন বলেন, “সকাল থেকেই হলে উৎসবের আমেজ। নির্দিষ্ট বাসে একসঙ্গে ক্যাম্পাসে এসে ভোট দিয়েছি। গত পাঁচ বছরে এমন আনন্দঘন পরিবেশ দেখিনি।”
সলিমুল্লাহ মুসলিম হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আসাদ আলী জানান, “প্রথমবার ভোট দিতে পেরে দারুণ লাগছে। এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু রয়েছে। যদি এভাবেই দিন শেষ হয়, তবে সত্যিই একটি সুন্দর নির্বাচন হবে।”
রোকেয়া হলের শিক্ষার্থী সাউদিয়া ইসলাম খান পাশা বলেন, “প্রথমবার ডাকসুর ভোট দিয়েছি। অনেকটা পরীক্ষার মতো মনে হলেও ভোট দেওয়ার যথেষ্ট সময় পাওয়া গেছে।”
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন রয়েছেন।
মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে।



