
পর্যটন সংবাদ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার ঐতিহাসিক লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে প্রধান প্রবেশ পথে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজবাড়ীতে শুক্রবার মাজারকেন্দ্রিক একটি ঘটনার পর জেলায় সতর্কতা বাড়ানো হয়েছে। এর ধারাবাহিকতায় লালন আখড়াবাড়িতেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিকেল ৩টার দিকে দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেন বলেন, “গতকাল রাজবাড়ীতে একটি ঘটনা ঘটেছে। তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে এখানে আমাদের মোতায়েন করা হয়েছে।”
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, কিছু বিশেষ ইস্যু মাথায় রেখে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটি সম্পূর্ণ সতর্কতামূলক পদক্ষেপ, আখড়াবাড়ি নিয়ে কোনো নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান লালন শাহের আখড়াবাড়ি প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ভক্ত, গবেষক ও পর্যটকদের আকর্ষণ করে। ফলে এখানে নিরাপত্তা জোরদার করাকে স্বস্তিদায়ক সিদ্ধান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।



