রাজনৈতিক সংঘর্ষ নয়, মব নয়: উপদেষ্টা আসিফ মাহমুদ

পর্যটন সংবাদ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক কার্যক্রমকে মব হিসেবে দেখা যাবে না। মব এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য পরিষ্কার করা প্রয়োজন।

শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মনে করেন। তিনি আরও জানান, “কাদের দায় আছে এবং কাদের অবহেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা আমরা খতিয়ে দেখব।”

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, কাকরাইলের ঘটনায় প্রথম হামলাটি জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে। তিনি এটিকে রাজনৈতিক দিক থেকে একটি বোকামি কার্যক্রম হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “কাদের থেকে সাহস পেয়ে এ ধরনের কার্যক্রম করা হয়েছে তা খতিয়ে দেখা হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, তারা অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। কিছু মহল আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। তবে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, তাদের সহযোগিতায় এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর আয়োজন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, সরকারের তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা – সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর – এগিয়ে চলছে। “জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা আশা করি, সবার ঐকমত্যের মাধ্যমে এর বাস্তবায়ন সম্ভব হবে এবং নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।”

আদালতে সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে উপদেষ্টা মন্তব্য করেন, “আদালত ন্যায় ও ইনসাফের জায়গা। সেখানে এ ধরনের হামলা নিন্দাজনক। আমরা বিভিন্ন বেঞ্চে আইনজীবীদের ওপর চাপ প্রয়োগের ঘটনা দেখেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হওয়ার জন্য অনুরোধ করছি।”

Read Previous

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিএনপির উদ্বেগ, সরকারের পদক্ষেপের দাবি

Read Next

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বন্ধ ডাউন লাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular