
পর্যটন সংবাদ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরের খোঁজ-খবর নিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “টার্গেট করে কিছু লোককে হামলা করা হচ্ছে। সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। যদি না হয়, বুঝবো সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না।” তিনি নুরের দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
তিনি আরও বলেন, “নুরকে দেশের বাইরে পাঠানোর কথা বলা হয়েছিল, কিন্তু এখনও পাঠানো হয়নি। আমরা চাই নুর ভালো হয়ে আবার ফিরে আসুক। তার ওপর হামলা উদ্দেশ্যমূলক। নাক দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। কী উদ্দেশ্যে, কারা এটা করেছে—সেটি তদন্ত করে বের করা উচিত।”
নির্বাচনকে সামনে রেখে দেশে সন্ত্রাস ও সহিংসতা বাড়ার আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, “মাজার ভাঙাসহ লাশ পোড়ানোর ঘটনা বিচ্ছিন্ন নয়। আরও এমন ঘটনা ঘটতে পারে, যাতে নির্বাচন প্রভাবিত হয়। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না, অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে।”
বিএনপি নেতা সতর্ক করে বলেছেন, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত না হলে রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে।



