
পর্যটন সংবাদ ডেস্ক: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ আগুনের সূত্রপাত হয়। তবে প্রাণহানির খবর মেলেনি।
দোকানদার ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, ভোর পৌনে ৬টার দিকে মার্কেট থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ভোগরা মর্ডাণ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতাশায় ভেঙে পড়েছেন। স্থানীয়রা বলছেন, বাজারটি এলাকাবাসীর প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার প্রধান কেন্দ্র ছিল। এ ঘটনায় অনেক ব্যবসায়ী সবকিছু হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন।
এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা নিয়মিত বৈদ্যুলতিক লাইনের পরীক্ষা, বাজার এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।



