
পর্যটন সংবাদ ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনে ভয়াবহ ট্রাম দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন আরও ১৮ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক।
বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে লিসবনের জনপ্রিয় পর্যটন এলাকা দিয়ে চলাচলরত ঐতিহ্যবাহী ট্রাম ‘এলিভাদর দা গ্লোরিয়া’ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়। মুহূর্তেই ট্রামটি পাশের একটি ভবনে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যায় রাখেন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সউজা। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন।
১৮৭৩ সালে চালু হওয়া লিসবনের হলুদ ট্রাম কেবলমাত্র স্থানীয়দের পরিবহন মাধ্যম নয়, বরং এটি শহরের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ। বিশেষ করে শহরের খাড়া রাস্তা ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার জন্য এই ট্রাম ছিল সবার পছন্দের বাহন। তবে দীর্ঘ দেড়শ বছরের ইতিহাসে এত বড় দুর্ঘটনা আগে ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনা বিশ্বজুড়ে পর্যটকদের মাঝে শোকের ছায়া ফেলেছে। লিসবনের পর্যটন নির্ভর এলাকাগুলোতে নেমে এসেছে শোকের আবহ।



