
পর্যটন সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে কোন কোন দলের সঙ্গে বৈঠক হবে তা এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকার আসন্ন নির্বাচনের রূপরেখা ও কার্যকর প্রক্রিয়া এগিয়ে নিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



