
পর্যটন সংবাদ ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে অবস্থিত জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। মাঠের ঠিক মাঝখানে প্লোভার নামের এক সংরক্ষিত প্রজাতির পাখি ডিম পাড়ায় এক মাসের জন্য মাঠ বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ফুটবল খেলতে আসা খেলোয়াড়রা প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তারা দেখেন মাঠের কেন্দ্রে ডিম পড়ে আছে। এরপর দ্রুত খেলা সরিয়ে নেওয়া হয় পাশের আরেকটি মাঠে। স্থানীয় কাউন্সিল জানিয়েছে, বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ার-এর পরামর্শেই মাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্লোভার বাচ্চা ফোটার সময় ভয়ানক রক্ষণশীল হয়ে ওঠে। তারা ডানা ঝাপটানো, উচ্চ শব্দ করা এমনকি হঠাৎ আক্রমণ করে বাসার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না। মানুষের নিরাপত্তা ও পাখির প্রজনন সুরক্ষার জন্যই মাঠটি সর্বোচ্চ ২৮ দিন বন্ধ রাখা হতে পারে।
স্থানীয় ফুটবল দলগুলো এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছে এবং বিকল্প মাঠে খেলা চালিয়ে যাচ্ছে। তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল।



