
পর্যটন সংবাদ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকা (ভিওএ)-তে বড় আকারে ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত এই সংবাদমাধ্যম থেকে প্রায় ৫০০ কর্মীকে বিদায় জানানো হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিওএর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) মোট ৫৩২টি পদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বেশিরভাগই ভিওএর সাংবাদিক ও কর্মী। সবশেষে মাত্র ১০৮ জন কর্মী টিকে থাকবেন বলে আদালতে দাখিল করা নথিতে উল্লেখ আছে।
ইউএসএজিএমের ভারপ্রাপ্ত প্রধান কারি লেক বলেছেন, এই সিদ্ধান্ত সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং করদাতাদের অর্থ সাশ্রয় করবে। তবে কর্মচারীদের ইউনিয়ন এই পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে।
ভিওএর কিছু কর্মী অভিযোগ করেছেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠানটিকে দুর্বল করার চেষ্টা করছে। তাদের ভাষায়, “আমরা আদালতে লড়াই চালিয়ে যাব। এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি যে কংগ্রেসের নিয়ম মেনে ভিওএ ভাঙার পরিকল্পনা করা হয়েছে।”
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার পাল্টা হিসেবে প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম। বর্তমানে ভিওএ টেলিভিশন, রেডিও ও অনলাইনে প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করে।
তবে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ভিওএ-কে ‘উগ্রপন্থি’ ও ‘ট্রাম্পবিরোধী’ আখ্যা দিয়ে আসছে। সমালোচকরা মনে করছেন, এই সিদ্ধান্ত সংবাদমাধ্যমের স্বাধীনতায় আঘাত হানবে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাবও কমিয়ে দেবে।



