১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় অবৈধ জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড, দুজন দগ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি। পর্যটন সংবাদ: সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী বাজারে লাইসেন্সবিহীন জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফিংড়ী বাজারের সবুর মার্কেটে মেসার্স অরুপ স্টোরের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ধোঁয়া ও আগুনে দগ্ধ হন শান্তি ঠাকুর ও হাফিজুল সরদার। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সরেজমিনে জানা যায়, সরকারি খাস জমি দখল করে গড়ে ওঠা সবুর মার্কেটে দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই দাহ্য পদার্থ বিক্রি হচ্ছিল। বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই এ ধরনের ব্যবসা পরিচালনা সম্পূর্ণ অবৈধ।

স্থানীয়দের অভিযোগ, শুধু ফিংড়ী বাজার নয়—সাতক্ষীরা পৌর এলাকা থেকে ইউনিয়নের হাট-বাজার পর্যন্ত অসংখ্য দোকানে এভাবে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। এসব দোকানে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। ফলে যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা নাশকতার ঝুঁকি তৈরি হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, “লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে মানুষের জীবন যেমন বিপন্ন হচ্ছে, তেমনি পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ জানান, “অবৈধ তেলের গোডাউন শনাক্ত করে দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

Read Previous

ইউক্রেনের দনিপ্রোপেত্রভস্কে রুশ অগ্রযাত্রা, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে শঙ্কা

Read Next

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪ ফিলিস্তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular