অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘোষণা: ফেব্রুয়ারির পর আর কোনো পদে থাকব না

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন সম্পন্ন হওয়ার পর তিনি রাষ্ট্রের কোনো পদে থাকবেন না—এ কথাও স্পষ্ট করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজ-এ প্রকাশিত একটি নিবন্ধে ড. ইউনূস এই তথ্য তুলে ধরেন। সেখানে তিনি বলেন, সরকারের প্রধান কাজ হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যাতে দেশি-বিদেশি সব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

ড. ইউনূস উল্লেখ করেন, গত বছরের আগস্টে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনের মধ্য দিয়ে এক স্বৈরশাসনের অবসান ঘটে। সেই সময় ছাত্রনেতাদের আহ্বানে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। তার ভাষায়, “আমার কাজ কেবল দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই দুর্নীতি ও অর্থ লুটের ঘটনায় পদক্ষেপ নিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিচ্ছে এবং প্রশাসন পুনর্গঠন শুরু করেছে। পাশাপাশি, ভবিষ্যতে বাংলাদেশ যেন আর স্বৈরশাসনের মুখে না পড়ে, সে জন্য সাংবিধানিক সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গে ড. ইউনূস বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক ও জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে কাজ করছে। তার মতে, বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবশেষে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “নির্বাচন শেষ হলেই আমি দায়িত্ব ছাড়ব। নির্বাচিত বা নিযুক্ত কোনো পদেই আমি থাকব না।”

সূত্র: ডেসারাট নিউজ

Read Previous

সাবেক কর পরিদর্শক বারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি মামলা

Read Next

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আসছে রোববার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular