
পর্যটন সংবাদ ডেস্ক: আগামী রোববার (২৪ আগস্ট) ঘোষণা করা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠকের বিরতিতে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন।
দুপুর আড়াইটায় শুরু হওয়া ওই বৈঠকে চার নির্বাচন কমিশনার ছাড়াও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বৈঠকে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয় এখনো বাকি থাকায় বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব নয়। এ কারণে রোববার বা সোমবার পর্যন্ত সময় লাগতে পারে।
তিনি আরও জানান, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর প্রাপ্ত অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হবে। এরপর চূড়ান্ত পরিকল্পনার ভিত্তিতেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।



