
পর্যটন সংবাদ ডেস্ক: লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৬টায় বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (UZ222) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ত্রিপোলীস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রত্যাবাসন প্রক্রিয়ায় সরাসরি উপস্থিত ছিলেন। তিনি প্রত্যাবাসিতদের বিদায় জানানো ছাড়াও দেশে ফেরার পর ভবিষ্যতে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। রাষ্ট্রদূত বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। একইসঙ্গে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে এলাকাভিত্তিক সচেতনতা তৈরি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত আরও আশ্বাস দেন, দেশে ফিরে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের দূতাবাস সর্বাত্মক সহযোগিতা দেবে।
এর আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।



