
পর্যটন সংবাদ ডেস্ক: গেলো কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর সব নদ-নদীর পানি বেড়েছে। আত্রাই নদীর পানি ইতিমধ্যেই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নদীর দুই তীরের অন্তত ৩০টি বেড়িবাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে পড়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে আত্রাই নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। ছোট যমুনা নদীর পানি লিটন ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচে থাকলেও, আত্রাই নদীর শিমুলতলী, মহাদেবপুর ও রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি বিপজ্জনকভাবে বাড়ছে। পূর্ণভবা নদীর নীতপুর পয়েন্টেও পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মান্দার চকরামপুর, কয়লাবাড়ী, দ্বারিয়াপুরসহ ১০টি বেড়িবাঁধকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূল বাঁধের লক্ষ্মীরামপুর, আয়াপুর, পলাশবাড়ীসহ ২০টি পয়েন্টও উচ্চ ঝুঁকিতে আছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “আত্রাই নদীর পানি দ্রুত বাড়ছে। জরুরি সভা করে বালুর বস্তা, বাঁশসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার মজুত ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতের কাজ চলছে।”
নওগাঁ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান জানান, গত এক সপ্তাহ ধরে নদীর পানি বাড়ছে এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।



