১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এভারেস্টে ভিড় নিয়ন্ত্রণে নেপালের নতুন নীতি: ফি বাড়ছে, ৯৭টি চূড়ায় বিনামূল্যে অভিযানের সুযোগ

পর্যটন সংবাদ ডেস্ক: নেপাল এভারেস্টে অতিরিক্ত ভিড় ও দুর্ঘটনা কমাতে পর্বতারোহণে বড় ধরনের নীতি পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, আসছে সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় ওঠার ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। একইসঙ্গে হিমালয়ের কম পরিচিত ৯৭টি বিকল্প চূড়ায় আগামী দুই বছর বিনামূল্যে আরোহণের সুযোগ মিলবে।

ভরা মৌসুমে (এপ্রিল-মে) এভারেস্টে উঠতে এখনকার ১১ হাজার ডলারের বদলে দিতে হবে ১৫ হাজার ডলার। শরৎকালে ফি সাড়ে পাঁচ হাজার থেকে বেড়ে সাড়ে সাত হাজার ডলার এবং শীত ও বর্ষায় দুই হাজার ৭৫০ থেকে বেড়ে তিন হাজার ৭৫০ ডলার হবে। প্রায় এক দশক পর এভারেস্টে ফি বৃদ্ধির এই উদ্যোগ নেওয়া হলো।

২০২৩ সালে পর্বতারোহণ ফি বাবদ নেপাল আয় করেছে প্রায় ৫৯ লাখ মার্কিন ডলার, যার ৭৫ শতাংশই এসেছে এভারেস্ট থেকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভিড়ের কারণে পরিবেশগত ক্ষতি ও মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় বিষয়টি আদালত ও সংসদে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এপ্রিলে নেপালের সুপ্রিম কোর্ট জনপ্রিয় চূড়ায় অনুমতির সংখ্যা কমানোর নির্দেশ দেয়। সংসদেও প্রস্তাব উঠেছে—এভারেস্টে ওঠার আগে অন্তত সাত হাজার মিটার উচ্চতার নেপালি কোনো চূড়ায় অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হোক।

অপরদিকে, পর্বতারোহণের চাপ কমাতে এবং পর্যটক আকর্ষণে কর্নালী ও সুদূরপশ্চিম প্রদেশের ৯৭টি চূড়া আগামী দুই বছর বিনামূল্যে উন্মুক্ত থাকবে। উচ্চতা ৫,৯৭০ থেকে ৭,১৩২ মিটার পর্যন্ত এই চূড়াগুলো দেশের অন্যতম দরিদ্র ও পশ্চাৎপদ অঞ্চলে অবস্থিত। পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতমের আশা, “অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য থাকা সত্ত্বেও অনাগ্রহী এই অঞ্চলগুলো নতুন নীতিতে পর্যটকের নজর কাড়বে।”

গত দুই বছরে এসব চূড়ায় মাত্র ৬৮ জন পর্বতারোহী অভিযান চালিয়েছেন। বিপরীতে শুধু ২০২৪ সালেই এভারেস্টের জন্য অনুমতি দেওয়া হয়েছে ৪২১ জনকে। বিশেষজ্ঞদের মতে, এসব বিকল্প চূড়া ভবিষ্যতের অভিযাত্রীদের জন্য ‘উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র’ হিসেবে গড়ে উঠতে পারে।

Read Previous

বিজিএমইএ-যুক্তরাষ্ট্র বৈঠক: পোশাক রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগের আলোচনা

Read Next

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, বাংলাদেশেও ব্যবহারকারীদের ভোগান্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular