ইউক্রেন যুদ্ধ বন্ধে কঠোর সতর্কবার্তা ট্রাম্পের, পুতিনের সঙ্গে আলাস্কায় শীর্ষ বৈঠক

পর্যটন সংবাদ ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে “অত্যন্ত গুরুতর পরিণতি” ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, হবে। খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।” তিনি জানান, আসন্ন আলাস্কা শীর্ষ বৈঠকে এই ইস্যু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে।

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। তিনি বৈঠকটিকে “খুব ভালো ও আন্তরিক” বলে উল্লেখ করেন।

আল-জাজিরার তথ্যমতে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটিই প্রথম সরাসরি সাক্ষাৎ। আলাস্কার অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠক থেকে পুতিন, জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের পথ খুলে যেতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, প্রথম বৈঠকে পরিস্থিতি ও অগ্রগতি মূল্যায়ন করা হবে। ফল ইতিবাচক হলে দ্রুতই দ্বিতীয় বৈঠক হবে। তবে তিনি স্পষ্ট করে দেন, “যদি মনে হয় এটি উপযুক্ত নয় বা প্রয়োজনীয় উত্তর না পাই, তবে দ্বিতীয় বৈঠক হবে না।”

Read Previous

১৫ আগস্ট ইসলামি শিক্ষা দিবস: শিবিরের জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু আজ

Read Next

লাম্পেদুসা উপকূলে দুই নৌকা ডুবে ২৬ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ আরও অনেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular