১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশন ও ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক। পর্যটন সংবাদ: আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধিবেশনের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

মোদি মূলত ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ভাষণ দেবেন। তবে সফরের অন্যতম লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য ইস্যুতে সমাধান খোঁজা এবং শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছানো। বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে—এর অর্ধেক ভারতের উচ্চ শুল্কনীতির কারণে, আর বাকি অর্ধেক রাশিয়া থেকে তেল আমদানির বিষয়কে কেন্দ্র করে।

এ প্রসঙ্গে দিল্লি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অগ্রগতির দিকেও নজর রাখছে। ১৫ আগস্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ফলাফলের ওপর পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে। এর আগে মোদি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলোচনা করেছেন।

বাণিজ্য চুক্তির ক্ষেত্রে দুই দেশের আলোচকরা প্রায় সমঝোতার কাছাকাছি পৌঁছালেও, ট্রাম্পের আপত্তিতে শর্ত নতুন করে আলোচনার পর্যায়ে এসেছে। দুই পক্ষ বর্তমানে ‘মিশন ৫০০’ লক্ষ্য নিয়ে কাজ করছে—যার উদ্দেশ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করা।

সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছে, বিশেষ করে ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি নাকি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন, যা দিল্লি অস্বীকার করেছে। পরে শুল্কনীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন ট্রাম্প।

কূটনৈতিক মহলের মতে, সেপ্টেম্বরে মোদির সফর সফল হলে অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভারত সফরের মাধ্যমে কোয়াড সম্মেলনের পথ সুগম হতে পারে। এই সফর তাই শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Read Previous

মালয়েশিয়ায় সম্মানসূচক ডক্টরেট পেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Read Next

হরিরামপুরে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোপিনাথপুর নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কহিনুর আক্তার। এ সময় বাজারের দুটি গোডাউন থেকে ১৫ হাজার ৫৫০ মিটার কারেন্ট জাল ও ১২৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ইউএনও কহিনুর আক্তার জানান, এসব অবৈধ জাল ব্যবহারে অসংখ্য মাছ, পোনা, জলজ প্রাণী ও উদ্ভিদ ধ্বংস হচ্ছে, যা মাছের প্রাকৃতিক বংশবিস্তারকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। ফলে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। তিনি আরও বলেন, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular