
পর্যটন সংবাদ ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে তিনি মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং দেশের বিভিন্ন খাতে অপার সম্ভাবনার কথা তুলে ধরেন।
ড. ইউনূস রোহিঙ্গা সংকটকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন।
বৈঠকের আগে স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক আলোচনা হয়। এসময় দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এটি প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনের কর্মসূচি। সফরকালে তিনি বিনিয়োগ, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।



