
পর্যটন সংবাদ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ নিয়ন্ত্রণে আসায় সাত দিন পর বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল পৌনে ৯টায় এসব গেট বন্ধ করা হয়। ফলে হ্রদের পানি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকায় নৌবিহার ও পর্যটন কার্যক্রমে স্বস্তি ফিরছে।
এর আগে হ্রদের পানি বিপদসীমায় পৌঁছালে ৫ আগস্ট রাত ১২টার পর প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে পানির চাপ বাড়তে থাকায় ধাপে ধাপে গেট খোলার পরিমাণও বাড়ানো হয়। সর্বশেষ ৭ আগস্ট সন্ধ্যায় সাড়ে ৩ ফুট উচ্চতায় সবগুলো গেট খোলা ছিল, যাতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে চলে যায়।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে, গেট বন্ধ থাকলেও ৫টি ইউনিট চালু রেখে ২২০–২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নির্গত হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টায় হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৭.০৫ এমএসএল, যা সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল-এর নিচে।
পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, বৃষ্টিপাত কমে আসায় পানির উচ্চতা কমছে, তাই গেট বন্ধ রাখা হয়েছে। তবে পানির চাপ বাড়লে আবার গেট খোলা হতে পারে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, পানির স্রোত কমে এলে কাপ্তাই হ্রদের নৌবিহার আরও নিরাপদ হবে, যা আসন্ন সপ্তাহান্তে পর্যটকের সংখ্যা বাড়াতে পারে।



