
পর্যটন সংবাদ ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজমের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১০ আগস্ট) রাজধানীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকের তথ্য জানায় ঢাকার চীনা দূতাবাস।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তা এবং জরুরি সাড়া দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন ও যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে উপদেষ্টা ফারুক-ই আজম বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে চীনের সহযোগিতাকে স্বাগত জানান।



