
পর্যটন সংবাদ ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আজ লাল-সবুজের বাংলাদেশি পতাকায় রঙিন হয়ে উঠেছে। সড়কজুড়ে উড়ছে পতাকা, যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো শহরে। কারণ, সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় সরকারি সফরে পৌঁছাবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে শুরু হওয়া এই তিন দিনের সফরে কুয়ালালামপুর ও পুত্রজায়ায় বিশেষ আয়োজনের প্রস্তুতি চলছে। সফরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায়, যেখানে দু’দেশের সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে।
কূটনৈতিক সূত্র জানায়, এই বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জটিলতা সমাধান, বাণিজ্য সম্প্রসারণ, উচ্চশিক্ষা, রোহিঙ্গা ইস্যু, কৃষি, সমুদ্র অর্থনীতি ও আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের দুই মাস পর গত অক্টোবরে ঢাকা সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেটিই ছিল অন্তর্বর্তী সরকারের সময় প্রথম কোনো বিদেশি সরকারপ্রধানের সফর। এবার ড. মুহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও গর্বের আবহ।



