
স্টাফ রিপোর্টার | পর্যটন সংবাদ: কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে, তা অন্তর্বর্তী সরকারের নিবিড় নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে বিবিসির সংবাদ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। তারা বিদেশে কী করছে, সেটি আমরা অবশ্যই মনিটর করছি।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরও জানান, ভোটের নিরাপত্তা জোরদারে বডি ক্যামেরা কেনা হচ্ছে।
ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



