
পর্যটন সংবাদ ডেস্ক: নিউইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস অফিস (OCSAR) আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা অ্যালামনাইরা অংশ নেন।
পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীরা আবেগাপ্লুত হয়ে ওঠেন। তারা একে অপরের সঙ্গে পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার, রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী এবং ডেটা অ্যান্ড সায়েন্সেস স্কুলের ডিন ড. মাহবুব মজুমদার। এছাড়া ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।
মিশিগান থেকে আসা প্রাক্তন শিক্ষার্থী রিশাদ ফারিহা বলেন, “এটি ছিল এমন একটি সন্ধ্যা, যেখানে স্মৃতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বৈশ্বিক প্রভাব নিয়ে উদযাপন করা হয়েছে।”
উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার বলেন, “আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বজুড়ে অসাধারণ সাফল্য অর্জন করছে, যা আমাদের গর্বিত করে। আপনারা আমাদের দূত ও স্বপ্নের সঙ্গী।”
রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের পরিকল্পনা তুলে ধরেন। অধ্যাপক সাদিয়া হামিদ কাজী প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন, আর অধ্যাপক মাহবুব মজুমদার বাংলাদেশের অগ্রগতিতে অ্যালামনাইদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশ নেন সামিরা কে শুভ্রা, আশিক রহমান, সায়েদা নিগার সুলতানা, আফজাল আফতাব এবং মো. রায়হান হাসান মাহিনসহ আরও অনেকে। অ্যালামনাই ম্যানেজার ফরহাদ হোসেন প্রাক্তনদের নেটওয়ার্ক গঠন, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও ‘গিভিং ব্যাক’-এ যুক্ত থাকার আহ্বান জানান।
এ ছাড়া ব্র্যাক ইউএসএ থেকে কাথরিন নটন ও তার দল উপস্থিত ছিলেন। ইফাজ করিম, নাসমুস সাকিব নিলয়, আরেফিন চিশতী, সাদিয়া আনজুম এবং রিশাদ ফারিহার স্বেচ্ছাসেবী সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।



