
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন হলো। মাত্র ৩৩ বছর বয়সে তরুণ শিক্ষাবিদ ড. মো. নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বয়সে রাষ্ট্রদূত পদে তার নিয়োগ দেশের ইতিহাসে প্রথম, যা কূটনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের স্বাক্ষরিত ২৭ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে। পরবর্তীতে ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার স্বাক্ষরিত অফিস আদেশে তাকে মালে হাই কমিশনার হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
নোয়াখালীর সন্তান ড. নাজমুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে আঙ্কারা ইলদিরিম বেয়াজিট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। পরে সেখানেই সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন।
অধ্যাপনার পাশাপাশি তুরস্কের পার্লামেন্টে ফরেন রিলেশন্স অ্যান্ড প্রটোকল ডিপার্টমেন্টে বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে তিনি শতবর্ষের ইতিহাসে প্রথম বিদেশি হিসেবে অনন্য সম্মান অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের সাউথ এশিয়া প্রোগ্রামে গেস্ট লেকচারার হিসেবে যুক্ত আছেন।
জাতিসংঘ, ওআইসি, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নসহ নানা আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তার অভিজ্ঞতা ও যোগ্যতা মালদ্বীপে বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক এবং পর্যটন সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।



