
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকার মেট্রোরেলের পিলারগুলোয় নতুন করে যুক্ত হয়েছে ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। রাজধানীর বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের আশপাশের পিলারগুলোতে আঁকা হয়েছে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে সৃষ্টি হওয়া জনগণের সাহসী আন্দোলনের গ্রাফিতি। গতকাল শুক্রবার এই গ্রাফিতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ বলেন, “এই গ্রাফিতিগুলো শুধু শিল্প নয়, এগুলো হচ্ছে ইতিহাসের দলিল। এগুলো বারবার আমাদের মনে করিয়ে দেবে আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের কথা। ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—সেই বার্তা দেয় এই শিল্পকর্ম।”
এই উদ্যোগে শুধু ইতিহাস সংরক্ষিত হয়নি, বরং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোও পেয়েছে এক নতুন পর্যটন আকর্ষণ। যারা ঢাকা শহরের ভেতরে ঘুরে দেখতে চান ইতিহাসের চিহ্ন, তাদের জন্য এই গ্রাফিতি হতে পারে অনন্য এক গন্তব্য।
এদিকে উপদেষ্টা আসিফ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন, “জুলাই ঘোষণাপত্র” শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। তিনি তার পোস্টে বলেন, ৩৬ জুলাই আন্দোলনে শিল্পীদের রাজপথে নামার ঘটনাও ইতিহাসের অংশ হয়ে থাকবে। পুলিশি বাধা পেরিয়ে, বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দিতে তারা পৌঁছান ফার্মগেটে এবং সেখানে রাজপথেই তারা প্রতিবাদ চালিয়ে যান।
এভাবে মেট্রোরেলের পিলারে এঁকে রাখা এই আন্দোলনের চিত্রগুলো এখন ঢাকায় আগত পর্যটকদের জন্য একটি নতুন ইতিহাসভিত্তিক দর্শনীয় স্থানে রূপ নিচ্ছে।



