
পর্যটন সংবাদ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আজ বুধবার (৩০ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের সাতটি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার রাতে দেওয়া আরও একটি পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দেশের সার্বিক তাপমাত্রা দিনের এবং রাতের বেলায় প্রায় অপরিবর্তিত থাকবে।
পর্যটকদের প্রতি সতর্কতা:
পর্যটন এলাকায় যারা ঘুরতে যাচ্ছেন, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল বা পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলমুখী পর্যটকরা, তাদের জন্য এ পূর্বাভাস বিশেষ গুরুত্ব বহন করে। এই সময় বৃষ্টিপ্রবণ আবহাওয়ায় সাগর, নদী বা পাহাড়ি এলাকায় ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আবহাওয়া অধিদপ্তর



