
পর্যটন সংবাদ ডেস্ক: আগামী কয়েকদিন ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেয়া এখনই জরুরি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে দেশের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোয় ভ্রমণে কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
মঙ্গলবার (২৯ জুলাই) এক আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে শনিবার (২ আগস্ট) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে একই ধরনের বৃষ্টিপাতের প্রবণতা বিরাজ করতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো পর্যটনপ্রিয় এলাকায় স্থানীয় ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ ভ্রমণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
অবকাশ যাপনে যাওয়া পর্যটকদের প্রতি পরামর্শ, ভ্রমণের আগে আবহাওয়ার আপডেট জেনে যাত্রা শুরু করুন। পাহাড়ি ও উপকূলীয় এলাকায় যাত্রা স্থগিত বা সতর্কতার সঙ্গে পরিকল্পনা করাই হবে নিরাপদ।
সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন প্রায় অপরিবর্তিত থাকবে, তবে সপ্তাহ শেষে কিছুটা হ্রাস পেতে পারে।
পর্যটকদের জন্য পরামর্শ:
- বৃষ্টির দিনে নদী বা পাহাড়ি এলাকায় ভ্রমণ এড়িয়ে চলুন
- পাহাড়ি সড়কে সাবধানতা অবলম্বন করুন, ভূমিধসের সম্ভাবনা থাকতে পারে
- উপকূলীয় ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন
- ছাতা, রেইনকোট ও প্রয়োজনীয় বৃষ্টির সরঞ্জাম সঙ্গে রাখুন
পর্যটনপ্রেমীদের জন্য বৃষ্টি যেমন একদিকে প্রকৃতির রূপ বদলের সৌন্দর্য বয়ে আনে, অন্যদিকে বাড়তি নিরাপত্তার চ্যালেঞ্জও তৈরি করে। তাই নিরাপদ ভ্রমণই হোক সবার অগ্রাধিকার।
সূত্র: আবহাওয়া অধিদপ্তর



