
পর্যটন সংবাদ ডেস্ক: রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে সন্দেহভাজন সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২৯ জুলাই) পাঠানো এক বার্তায় আইএসপিআর জানায়, এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বাঘাইহাটের পাহাড়ি অঞ্চলটিকে ইউপিডিএফ-এর প্রভাবাধীন এলাকা হিসেবে চিহ্নিত করে আসছিল নিরাপত্তা বাহিনী। সেই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আইএসপিআর জানিয়েছে, অভিযান সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত রাঙামাটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। তবে এই ধরনের সংঘাত ও নিরাপত্তাজনিত অভিযানে ওই অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ও পর্যটন কর্মকাণ্ড কিছুটা বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।
সতর্ক পরামর্শ: নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্ধারিত নির্দেশনা ও চলমান পরিস্থিতি সম্পর্কে পর্যটকদের সতর্ক থাকা এবং প্রয়োজনীয় তথ্য জেনে ভ্রমণের পরিকল্পনা করার অনুরোধ জানানো যাচ্ছে।



