
ভ্রমনের প্রতিকি ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: দেশজুড়ে শুরু হয়েছে টানা ৩ দিনের ছুটি। আজ শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হওয়া এই ছুটির মধ্যে রয়েছে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবার (৬ জুলাই) পবিত্র আশুরার সরকারি ছুটি। ফলে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক-বীমা এবং শেয়ারবাজার তিন দিনই বন্ধ থাকবে।
এই ছুটির সুবর্ণ সময়ে কর্মব্যস্ত শহরবাসীর জন্য তৈরি হয়েছে ঘুরে বেড়ানোর এক চমৎকার সুযোগ। দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যেই পর্যটকদের আগমন বাড়তে শুরু করেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সেন্টমার্টিন, সিলেট, সুনামগঞ্জ, সুন্দরবন এবং উত্তরবঙ্গের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে আগ্রহ।
এছাড়া অনেকে পরিবার-পরিজন নিয়ে রাজধানীর কাছাকাছি গাজীপুর, সাভার, নরসিংদী, মাওয়া বা মেঘনা নদীর তীরবর্তী রিসোর্টগুলোতে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন। হোটেল-মোটেল ও রিসোর্টগুলোর বুকিংও বেড়ে গেছে বলে জানা গেছে।
ছুটি উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন, ট্যুরিজম পুলিশ এবং সেবা সংস্থাগুলো পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে নানা প্রস্তুতি নিয়েছে।
জুন মাসের ঈদুল আজহার ১০ দিনের টানা ছুটির পর এটি সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি বড় ছুটি। তাই যারা ঈদের ছুটিতে ভ্রমণে যেতে পারেননি, তাদের অনেকেই এবার ঘরের বাইরে সময় কাটাতে আগ্রহী হয়েছেন।
তবে সংশ্লিষ্টরা পরামর্শ দিচ্ছেন—ভ্রমণের সময় আবহাওয়া, নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার বিষয়গুলো বিবেচনায় রেখে সচেতনভাবে চলাফেরা করতে।
প্রতিবেদক, পর্যটন সংবাদ



