
পর্যটন সংবাদ ডেস্ক: আগামী ১৫ অক্টোবর থেকে শ্রীলঙ্কা ভ্রমণে আগ্রহী বিদেশি পর্যটকদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। আগে শ্রীলঙ্কায় পৌঁছে বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে ইটিএ নেওয়ার সুযোগ থাকলেও এবার সেই সুবিধা বন্ধ করা হচ্ছে।
সোমবার (৬ ডিসেম্বর) ঢাকায় শ্রীলঙ্কার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কার ইমিগ্রেশন ও অভিবাসন বিভাগের নির্দেশনা অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে যে কেউ পর্যটনের উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করতে চাইলে ভ্রমণের আগে অনলাইনে ইটিএ গ্রহণ করতে হবে।
ইটিএ পাওয়ার দুটি উপায় রাখা হয়েছে—
১. অফিসিয়াল ওয়েবসাইট https://www.eta.gov.lk/slvisa/ এ অনলাইনে আবেদন করে।
২. ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসে সরাসরি আবেদন জমা দিয়ে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণকারীদের যাত্রার আগে ইটিএ সংগ্রহ নিশ্চিত করতে হবে, নইলে দেশে প্রবেশে জটিলতা তৈরি হতে পারে।
শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত মূলত নিরাপত্তা ও অভিবাসন প্রক্রিয়া আরও সুষ্ঠু ও দ্রুত করতে নেওয়া হয়েছে।



