
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে আকাশে মেঘের উপস্থিতি ও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে—এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৩ শতাংশ। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সোমবার রাতের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে—আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



