
পর্যটন সংবাদ ডেস্ক:বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। বিকেল ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশিরউদ্দীন এ মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা ও এনডোর্সমেন্টে এবং পর্যটন বিচিত্রার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এবারের ফেয়ারের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। প্রাইম পার্টনার দেশ নেপাল, আর পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ।
দুটি হলে সাজানো হয়েছে মোট ১৮০টি বুথ। দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইনস ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকাস্থ বিদেশি দূতাবাস অংশ নিচ্ছে এবারের আসরে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় ঘুরে দেখতে পারবেন। প্রবেশমূল্য রাখা হয়েছে ৩০ টাকা। তবে অনলাইনে নিবন্ধন করলে প্রবেশ একেবারেই ফ্রি। প্রবেশ কুপনের ভিত্তিতে দর্শনার্থীরা র্যাফেল ড্রতে অংশ নিয়ে এয়ারলাইনস টিকিট ও ভ্রমণ ভাউচার জেতার সুযোগ পাবেন।
এশিয়ান ট্যুরিজম ফেয়ারে থাকছে বিশেষ ভ্রমণ প্যাকেজ অফার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশন, গন্তব্য ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।



