
জাতীয় পতাকা মাথায় বেঁধে পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণ শুরু করেছেন দুই সহধর হাফেজ সিয়াম উদ্দিন ও সায়োম উদ্দিন। এরই মধ্যে ২৩ জেলা ভ্রমণ শেষে গতকাল সোমবার নাটোর অবস্থান করেন তারা। হেঁটে ভ্রমণে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত আর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারা দুই ভাই।
সিয়াম ও সায়োম মাদারীপুরের কালকিনি উপজেলার (দক্ষিণ বাঁশবাড়ী) আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের ছেলে।
তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে পবিত্র কোরআন শরিফের এ বাণী ধারণ করে গত ২৬ জানুয়ারি ভ্রমণ শুরু করেন তারা।
হাফেজ সিয়াম উদ্দিন বলেন, দেশের ৬৪টি জেলা হেঁটে ঘুরব আমরা দুই ভাই। ২১ দিনে ২৩তম জেলা সিরাজগঞ্জ হয়ে নাটোর এসেছি। নাটোর ভ্রমণ শেষে পা বাড়াব রাজশাহীর পথে।
সায়োম উদ্দিন বলেন, এখন পর্যন্ত কোনো জেলায় কোনো সমস্যা হয়নি। আমরা সারা দিন হাঁটি, আর মাঝেমধ্যে বিশ্রাম করি। ভারি কোনো খাবার খাই না। রাতে কোনো মসজিদে অবস্থান করি। হাঁটতে হাঁটতে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। শারীরিকভাবেও কিছুটা দুর্বল হয়ে পড়েছি। তবে আমরা দমব না ইনশাআল্লাহ। সুস্থভাবে ভ্রমণ শেষ করতে সবার দোয়া চাই।



