হাতিরঝিলের ওয়াটার বাস চালু, স্বস্তি ফিরেছে যাত্রী ও পর্যটকদের মাঝে

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর হাতিরঝিলের জনপ্রিয় পর্যটনযান ওয়াটার বাস চারদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। রাজউকের নির্দেশে সাময়িকভাবে বন্ধ রাখা এই সেবা চালু হওয়ায় স্বস্তি ফিরেছে নিয়মিত যাত্রী ও ভ্রমণপ্রেমীদের মাঝে।

হাতিরঝিলের এফডিসি, গুলশান ও রামপুরা ঘাটে প্রতিদিন যাতায়াত করা এ নৌযানগুলো হঠাৎ করেই শুক্রবার থেকে বন্ধ হয়ে যায়। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা ও ভ্রমণকারীরা।

রাজউক কর্তৃপক্ষের কাছে বকেয়া বিল পরিশোধের পর করিম গ্রুপকে আবার সেবা চালুর অনুমতি দেওয়া হয়। করিম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম জামান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাজউকের নির্দেশে আমরা সার্ভিস বন্ধ রেখেছিলাম। এখন পুরোদমে আমাদের ওয়াটার বাসগুলো যাত্রী পারাপার করছে। সাময়িক জনদুর্ভোগের জন্য আমরা দুঃখিত।”

সরেজমিনে মঙ্গলবার বিকাল ৪টা থেকে এফডিসি ঘাটে গিয়ে দেখা যায়, ওয়াটার বাসগুলো আবার যাত্রী পরিবহন শুরু করেছে। এতে করে হাতিরঝিল ঘুরতে আসা পর্যটকদের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও আনন্দ।

নিয়মিত যাত্রী হামিদুর রহমান বলেন, “ওয়াটার বাস বন্ধ থাকায় অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল। আবার চালু হওয়ায় ভালো লাগছে। এটি না থাকলে রাস্তায় যানজট বাড়ে, ধুলোবালিও বেড়ে যায়।”

রফিক মোল্লা নামে এক দর্শনার্থী বলেন, “প্রায়ই পরিবার নিয়ে হাতিরঝিলে আসি। ওয়াটার বাসে চড়াটা আমাদের আনন্দের একটা অংশ। কয়েকদিন বন্ধ থাকায় ঘুরতে আসা হয়নি। এখন আবার পরিবার নিয়ে আসতে পারব।”

হাতিরঝিলের কয়েকজন ব্যবসায়ী জানান, এমন হঠাৎ সেবা বন্ধ হলে পর্যটকদের সংখ্যা কমে যায় এবং ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, “আমরা এখানে কাজ করি। হঠাৎ সার্ভিস বন্ধ হলে কর্মীদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়।”

বর্তমানে আবারও আগের মতোই হাতিরঝিলের সৌন্দর্য উপভোগে ওয়াটার বাসে ভ্রমণের সুযোগ পাচ্ছেন নগরবাসী ও পর্যটকেরা। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে এমন বন্ধ যেন আর না ঘটে, তাতে করে পর্যটন খাত এবং যাত্রীসেবা দুটোই সচল থাকবে।

Read Previous

চুনারুঘাটে সীতার হাওড় লেক: প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হাজারো পর্যটক

Read Next

গ্রেট ওয়াল অব চায়না: ইতিহাস, ঐতিহ্য ও পর্যটকদের জন্য বিস্ময়ের এক প্রাচীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular