১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বাড়ছে ব্যয়, উদ্বোধনেও দেরি

পর্যটন সংবাদ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের আগেই প্রকল্প ব্যয় বাড়তে যাচ্ছে আরও দুই হাজার কোটি টাকা। নান্দনিকতা বৃদ্ধি ও নির্মাণ সামগ্রীর মানোন্নয়নের অজুহাতে বাড়তি এই ব্যয় দাবি করেছে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিভিআইপি জোনসহ বিভিন্ন অংশে আধুনিক সাজসজ্জা, নতুন প্রযুক্তি সংযোজন এবং ৫০০-র বেশি ভেরিয়েশনের কারণে অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দিয়েছে। যদিও ২০২৪ সালেই যাত্রীসেবায় পুরোপুরি চালু হওয়ার কথা ছিল টার্মিনালটি, বাস্তবে কাজ এখনো শেষ হয়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, “নির্মাণকাজে কিছু অনিয়ম ও মানসংক্রান্ত সমস্যা শনাক্ত হয়েছে। এসব বিষয়ে ঠিকাদারদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও ব্যয়বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরাও। এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম বলেন, “প্রকল্প অনুমোদনের সময় যারা মূল্যায়ন করেছেন, তারা যদি আগেভাগেই সম্ভাব্য জটিলতা চিহ্নিত করতেন, তবে আজ এমন পরিস্থিতি তৈরি হতো না। দুই হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রস্তাবিত ব্যয় ছিল ১৩ হাজার কোটি টাকা। পরে ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৪০০ কোটি টাকায়। নতুন দাবি অনুযায়ী প্রকল্প ব্যয় ছাড়িয়ে যেতে পারে ২৩ হাজার কোটি টাকারও বেশি।

চলমান প্রকল্পে স্বচ্ছতা ও পরিকল্পনার ঘাটতি নিয়ে পর্যটন ও বিমান খাত সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়ছে। তবে বেবিচক জানিয়েছে, যাত্রীসেবা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব টার্মিনাল চালু করতে তারা বদ্ধপরিকর।

Read Previous

ইরানে ৭০০ ইসরায়েলি ভাড়াটে গুপ্তচর গ্রেফতার: গোয়েন্দা অভিযান জোরদার

Read Next

ইরানি হামলায় পর্যটন খাতে বিপর্যয়, তেলআবিবে ক্ষতিগ্রস্ত ২৫ হাজারের বেশি স্থাপনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular