
পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। এ বছর পবিত্র হজ পালনে ৮৭ হাজার ১০০ জন সৌদি আরব যাবেন। ঐ দিন ৪১৯ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ ও বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
জানা যায়, প্রথম ফ্লাইটটি রাত সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। সঠিকভাবে হজ ব্যবস্থাপনার জন্য এ বছর সরকারি ১১২ ও বেসরকারি গাইড থাকবেন ১ হাজার ৭৪৩ জন। ৭০ মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহযোগিতায় রাখা হয়েছে। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশসহ তিনটি এয়ারলাইনস প্রস্তুত। ৩১ মে হজের শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্য যাত্রা করবেন। ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়ে ১০ জুলাই শেষ হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১১৮, সাউদিয়া ৮০ ও নাস এয়ারলাইনসের ৩৪ ফ্লাইটে যাত্রীরা সৌদি আরব যাবেন। বিমান ১০৯, সাউদিয়া ৭৯ ও নাস ৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করবে। প্রসঙ্গত, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন)।
এবারও বাংলাসহ ২০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা: হজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হজের খুতবা। ৯ জিলহজ আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হয়। বিশ্ব জুড়ে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়। তাৎক্ষণিক বিশ্বের বিভিন্ন ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। প্রতি বছরের এবারও বাংলাসহ বিশ্বের ২০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে। যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে, ভাষাগুলো হলো বাংলা, ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইটালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও জার্মান।



