১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা দিয়ে দায়িত্ব শুরু করলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পর্যটন সংবাদ ডেস্ক : দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। দুর্নীতিমুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় গড়ে তুলতেই হবে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী স্পষ্ট করে বলেন, অবৈধ তদবির বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মব কালচারের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা আর চলবে না। তবে শান্তিপূর্ণ ও যৌক্তিক দাবির ক্ষেত্রে গণতান্ত্রিক কর্মসূচি পালনের সুযোগ থাকবে। সরকারের লক্ষ্য গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং আইনের শাসন নিশ্চিত করা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সাম্প্রতিক সময়ে পুলিশের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

Read Previous

হিজল-করচের ছায়ায় ফিরছে প্রাণ: হাকালুকি হাওরে বন পুনরুদ্ধারের লড়াই

Read Next

শ্রীমঙ্গলের অচেনা পথে ভ্রমণ: কমিউনিটি পর্যটনে প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির গল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular