
জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ড. তোফায়েল আহমেদ। তবে এর আগে কমিশনের নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া নির্বাচনের ব্যয় কমাতে পার্লামেন্টারি ব্যবস্থায় আনার কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি ।
আজ শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্যা জানান অধ্যাপক তোফায়েল আহমেদ।
সকালে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি জানান, দেশের স্থানীয় সরকার ব্যবস্থা নেই। আছে শুধু কয়েকটা প্রতিষ্ঠানের সমষ্টি। এই কমিশনের কাজ হবে একটা স্থানীয় সরকার ব্যবস্থা দাঁড় করিয়ে দেয়া।
তিনি বলেন, নির্বাচনের ব্যয় কমাতে পার্লামেন্টারি ব্যবস্থায় আনার কথাও ভাবা হচ্ছে। কিন্তু স্থানীয় সরকার সংস্কার বাস্তবায়ন করে সেটা করতে হবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোয় ২৩ হাজার কোটি টাকা খরচ হয়। স্থানীয় সরকার নির্বাচন যদি সংসদীয় পদ্ধতিতে করা হয়, তাতে ৬০০ কোটি টাকা খরচ হবে এবং সময়ও কম লাগবে।
স্থানীয় নির্বাচনকে সংসদ নির্বাচনের মতো আয়োজন করা উচিত, যেখানে সরাসরি চেয়ারম্যান নির্বাচন হবে না। সেখানে শুধু কাউন্সিলর ও মেম্বার নির্বাচিত হবেন। তারাই চেয়ারম্যান নির্বাচিত করবেন’, যোগ করেন তিনি।



