
পর্যটন সংবাদ ডেস্ক: দেশের উদ্ভাবনী কার্যক্রম ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে এ চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং মার্কেন্টাইল ব্যাংকের হেড অব এসএমই মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী।
চুক্তির ফলে মার্কেন্টাইল ব্যাংক যোগ্য স্টার্টআপ উদ্যোগে অর্থায়ন করতে পারবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই অর্থায়ন নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করবে।



