সোনাখালি রেলক্রসিংয়ে ট্রাক আটকে তিন ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

পর্যটন সংবাদ ডেস্ক:গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে ধানবোঝাই একটি ট্রাক আটকে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ট্রাকটি সরিয়ে ফেলায় পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “মির্জাপুর সীমান্তবর্তী সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে যায়। ট্রাকটি রেললাইনের উপর দাঁড়িয়ে থাকায় উভয় পাশ থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।”

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় ধানবোঝাই ট্রাকটি বেশ কয়েকটি বড় গর্তে আটকে যায়। চালক স্থানীয়দের সহায়তা নিয়েও ট্রাকটি সরাতে ব্যর্থ হন। শেষমেষ ট্রাক থেকে ধানের বস্তাগুলো নামিয়ে ট্রাকটিকে সরানো সম্ভব হয়।

ঘটনাটিকে কেন্দ্র করে এই ব্যস্ততম রুটে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যাত্রারত পর্যটক ও সাধারণ যাত্রীরা অপেক্ষায় সময় কাটান।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ের সামনে বড় বড় গর্ত থাকলেও তা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত ওই সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

পর্যটন সংবাদ মনে করে, পর্যটনবান্ধব অবকাঠামো গড়তে হলে রেল যোগাযোগের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করাই জরুরি।

Read Previous

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কে বিপদে রপ্তানি খাত, পর্যটন শিল্পেও পড়তে পারে ছায়া

Read Next

প্রাকৃতিক সৌন্দর্যে সম্ভাবনা অপার, পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার পথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular