
পর্যটন সংবাদ ডেস্ক : সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে নেপাল গভীর আগ্রহ প্রকাশ করেছে। দেশটি মনে করে, এই উন্নয়নের মাধ্যমে উপ-অঞ্চলের আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও পর্যটন খাতে নতুন মাত্রা যোগ হবে।
আজ সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশেনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এই আগ্রহের কথা জানান। বৈঠকে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।
নেপালী প্রতিনিধি নেপালের বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করেন। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়নকে উত্তর বাংলাদেশকে নেপাল, ভুটান ও ভারতের কিছু অংশের সঙ্গেযুক্ত করার কৌশলগত পদক্ষেপ হিসেবে তুলে ধরেন।
বৈঠকে ঢাকা-কাঠমান্ডু রুটে যাত্রী চলাচল বৃদ্ধির লক্ষ্যে বিমান ভাড়া যুক্তিসঙ্গত পর্যায়ে নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ পর্যটন খাতকে উৎসাহিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বিমান চলাচল ও পর্যটন খাতে নেপালকে বাংলাদেশের অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন।



