
পর্যটন সংবাদ ডেস্ক: সিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হোসেন খালেদ। গতকাল রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
এর আগে হোসেন খালেদ টানা সাত বছর সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ব্যাংকের দুটি অঙ্গপ্রতিষ্ঠান—সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও তাঁর কাঁধে রয়েছে।
শুধু ব্যাংকিং অঙ্গনে নয়, ব্যবসা-বাণিজ্যের অন্যান্য ক্ষেত্রেও রয়েছে হোসেন খালেদের সক্রিয় উপস্থিতি। তিনি চার মেয়াদে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নির্বাচিত সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের কো–চেয়ারম্যান ও এন্ট্রাপ্রেনিউরস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
শিক্ষাজীবনে হোসেন খালেদ যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
হোসেন খালেদ বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ–এর প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন নিজেও একাধিকবার সিটি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে হোসেন খালেদ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক (MD) হিসেবে দায়িত্ব পালন করছেন।



