সম্প্রীতির মডেল জেলা গড়তে রাঙ্গামাটিতে পুলিশ–পরিবহন শ্রমিক মতবিনিময়

রাঙ্গামাটি প্রতিনিধি। পর্যটন সংবাদ ডেস্ক: পাহাড়ি–বাঙালি নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও শক্তিশালী করতে রাঙ্গামাটি জেলা পুলিশ উদ্যোগ নিয়েছে এক বিশেষ মতবিনিময় সভার। সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও পার্বত্য যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতির নেতারা।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি বলেন, “রাঙ্গামাটি আমাদের সবার। এখানে কোনো ভেদাভেদ নেই— আমরা সবাই রাঙ্গামাটিবাসী।” তিনি আরও জানান, জনগণ ও পরিবহন শ্রমিকরা পুলিশকে সহযোগিতা করলে জেলার শান্তি–শৃঙ্খলা রক্ষা অনেক সহজ হবে। কোনো গুজব বা উস্কানি রাঙ্গামাটির দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙতে পারবে না বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুলিশ সুপার পরিবহন খাতের নেতৃবৃন্দকে বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, যেকোনো গুজব, সন্দেহজনক কার্যকলাপ বা অপতৎপরতার তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে। কারণ, পরিবহন শ্রমিকেরা প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সংস্পর্শে থাকেন এবং তাঁদের সক্রিয় সহযোগিতাই শান্তি রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন পিপিএম এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।

মতবিনিময় সভাকে ঘিরে পুলিশের প্রত্যাশা— এ ধরনের সরাসরি আলোচনায় পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়বে, যা রাঙ্গামাটিকে বাংলাদেশের “সম্প্রীতির মডেল জেলা” হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Read Previous

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৭৩৫

Read Next

খাগড়াছড়িতে সহিংসতা: পর্যটকশূন্য সাজেক, ধস নেমেছে পর্যটন ব্যবসায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular