সন্ধ্যার মধ্যেই ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, পর্যটকদের সতর্ক থাকার আহ্বান

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দেশের ছয়টি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারিকৃত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। ঝড়ো হাওয়ার সম্ভাবনার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিশেষ করে পর্যটনকেন্দ্র কক্সবাজার ও চট্টগ্রামে ভ্রমণরত পর্যটকদের জন্য এই পূর্বাভাস গুরুত্বপূর্ণ। হঠাৎ ঝড় বা বৃষ্টির মুখে পড়তে পারেন তারা। আবহাওয়া অধিদপ্তর অনুরোধ জানিয়েছে, এসব অঞ্চলে অবস্থানরত পর্যটক ও স্থানীয়দের যথাযথ সতর্কতা অবলম্বনের।

এদিকে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে করে দিনের গরম কিছুটা প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে।

আজকের দিনে রাজধানীর তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।

পর্যটকদের জন্য পরামর্শ:
এই বৈরী আবহাওয়ার মধ্যে নৌভ্রমণ ও সমুদ্রস্নান এড়িয়ে চলা উচিত। আবহাওয়া আপডেট নিয়মিত মনিটর করে ভ্রমণ পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Read Previous

দক্ষিণ কোরিয়ায় চীনা পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশ, পর্যটন ও অর্থনীতিতে নতুন জোয়ারের আশা

Read Next

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ: ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্রই, দাবি এসবিআই-এর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular