সড়কে শৃঙ্খলা ফেরাতে পুরনো যানবাহন উচ্ছেদে বিআরটিএর অভিযান শিগগিরই

পর্যটন সংবাদ ডেস্ক: সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই ফিটনেসবিহীন ও ২০ বছরের পুরনো যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক সচেতনতামূলক কর্মসূচিতে এ ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “বহুদিন ধরেই সড়কে মূল্যবান প্রাণ হারাচ্ছে মানুষ। ২০ বছরের বেশি পুরনো বাস ও ট্রাক রাস্তা থেকে না তুললে নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব নয়। এ উদ্যোগে মালিক-শ্রমিক সংগঠনগুলোকেও সম্পৃক্ত করা হয়েছে।”

তিনি আরও জানান, “এটা একদিনে সম্ভব নয়, তবে আমরা কাজটি শুরু করেছি। অভিযান কখন শুরু হবে তা এখনই বলছি না, তবে খুব শিগগিরই আপনারা এর বাস্তব রূপ দেখতে পাবেন।”

বিআরটিএ চেয়ারম্যান বলেন, সরকারের একক প্রচেষ্টায় নয়, বরং সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগেই এই সমস্যার সমাধান সম্ভব। পুরনো যানবাহন উচ্ছেদের উদ্যোগ আগেও বাধার মুখে পড়েছিল—এবার সে ধরনের পরিস্থিতি যাতে না হয়, সেজন্য মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিআরটিএর পরিচালক (রোড সেফটি) মোহাম্মদ শহীদুল্লাহ এবং ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া।

কর্মসূচির অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালের চালক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

Read Previous

কাপ্তাই হ্রদের বুকে স্বপ্নীল মায়াবী দ্বীপ

Read Next

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও উত্তেজনা: পদযাত্রা কর্মসূচিতে সহিংসতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular